ইউটিউবের সিলভার প্লে-বাটন পেল অজপাড়াগার ইমন

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

বর্তমান বিশ্বের কাছে অনলাইন বিনোদনের ব্যাপক জনপ্রিয় মাধ্যম ইউটিউব। এখানে নিয়মিত বিনোদনমূলক, শিক্ষামূলক, প্রযুক্তিবিষয়কসহ নানা ধরনের ভিডিও আপলোড হয়। প্রতিদিন গড়ে প্রায় একশ মিলিয়ন ভিডিও দেখা হয়। আর এভাবেই এই প্লাটফর্মকে কেউ কেউ অর্থ উপার্জনের মূল মাধ্যম হিসেবেই বেছে নিচ্ছেন। তাই সারা বিশ্বজুড়েই ইউটিউব জনপ্রিয় চ্যানেলগুলোকে বিভিন্নভাবে সম্মানিত করে থাকে। যারই অংশ হিসেবে ইউটিউব ‘সিলভার প্লে-বাটন’ সম্মাননা পেয়েছে বাংলাদেশের অজপাড়াগার ২০ বছর বয়সী তরুণ ইউটিউবার রাসেদুজ্জামান ইমন। সে নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের ইকরাম বিশ্বাসের বড় ছেলে।

ইমনের ইউটিউব চ্যানেলের নাম ‘ইমন স্কোয়াড’ (Emon Squad) গত মার্চের শেষ দিকে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ায় তাকে এ সম্মাননা দিয়েছে ইউটিউব। আর গত ৮ মে ২০১৯ তারিখে ‘সিলভার প্লে-বাটন’ হাতে পেয়েছে ইমন। দুই মাসের ব্যবধানে বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তিন লাখেরও বেশি।

কিন্তু ২০১৮ সালের ১৭ এপ্রিল ‘ইমন স্কোয়াড’ নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন করেন। সেখানে তিনি কার্টুন এনিমেশনের মাধ্যমে বাংলা ধাঁধা ও আইকিউ টেস্টের বিভিন্ন মজার মজার ভিডিও আপলোড করেন। ২০১৯ সালের জানুয়ারি থেকে চ্যানেলটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। ইউটিউব থেকে বর্তমানে তার মাসিক আয় ১২০০-১৫০০ ডলারের মতো বলে জানান ইমন।

ইমন কালিয়া আব্দুস সালাম ডিগ্রি কলেজের স্নাতক (পাস) প্রথম বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি ইউটিউবকে পার্টটাইম পেশা হিসেবে নিয়েছেন।

কালিয়া উপজেলার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, একজন তরুণের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। বেকার তরুণ-তরুণীরা যদি তার মতো করে এগিয়ে আসে এবং সরকারি বিভিন্ন আইটি প্রশিক্ষণ প্রোগ্রাম থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করে তাহলে আরো ভালো কিছু করতে পারবেন।