চিলিতে বার্ড ফ্লুতে
১১ জনের মৃত্যু
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:২৭
চিলির উত্তরাঞ্চলে এইচ১এন১ ভাইরাসের (বার্ড ফ্লু) প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে এই রোগে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। দেশের অন্যান্য স্থানের চেয়ে সেখানে এই রোগে আক্রান্ত হবার হার ছয় গুণ বেশি। বৃহস্পতিবার মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এনরিক প্যারিস বলেন, ‘দেশব্যাপী প্রতি এক লাখ মানুষের মধ্যে ২৪ জন এই রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু গত সপ্তাহে টারাপাকার প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৪৮ জন এই রোগে আক্রান্ত হয়।’রোগের প্রকোপ আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করে প্যারিস আসন্ন ধর্মীয় অনুষ্ঠান ফিস্তা ডি লা তিরানাকে বাতিল বা বিলম্বিত করার সুপারিশ করেছে। জুলাই মাসের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় এই ধর্মীয় অনুষ্ঠানে দুই লাখ লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
এএফপি’র এক খবর বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জেইম ম্যানালিচ ঘোষণা করেছেন যে শুক্রবার তিনি বার্ড ফ্লু অঞ্চলটিতে যাবেন। এটি সান্টিয়াগো থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার (১১৮০ মাইল) উত্তরে বলিভিয়া সীমান্তে অবস্থিত। মন্ত্রী আরো জানিয়েছেন, ওই এলাকায় প্রায় ১ লাখ ১৫ হাজার টিকা পাঠানো হবে। সেখানে অধিবাসীর সংখ্যা প্রায় ৩ লাখ।