রাবিসাসের ৪৫ বছর পূর্তি উত্সব

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ৪৫ বছর পূর্তি উত্সব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাবিসাস কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী এই উত্সবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। এরপরই ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সাংবাদিকতায় সততা ও শুদ্ধাচার গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতার অঙ্গীকার-স্লোগানকে সামনে রেখে এই উত্সবের র্যালিতে রাবিসাসের বর্তমান ও সাবেক সদস্যরা অংশ নেন। সকাল ১০টায় ‘ঢাকার বাইরের ও ক্যাম্পাস সাংবাদিকতা সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের এডিটর-ইন-চিফ আলমগীর হোসেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুজ্জামান রবি, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল।