বান্দরবানে নিষিদ্ধ পলিথিন ও ফরমালিনযুক্ত মাছ জব্দ
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:২৮
বান্দরবানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর খোলা জিনিসপত্র বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এসময় বাজারের বিভিন্ন মুদি দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ পলিথিন এবং মাছ বাজার থেকে ফরমালিনযুক্ত মাছ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-আনসারের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের তিনটি টিম বান্দরবান বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বান্দরবান বাজারের তিন নম্বর গলিসহ বাজারের বিভিন্ন স্থানে মুদি দোকানগুলোতে অভিযান চালিয়ে ভেজাল পণ্য ও অস্বাস্থ্যকর খোলা জিনিসপত্র বিক্রির দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও মুদি দোকানগুলো থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ পলিথিন এবং মাছ বাজার থেকে ফরমালিনযুক্ত মাছ জব্দ করা হয়েছে। পরে পলিথিন ও ফরমালিনযুক্ত মাছগুলো জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। একইসঙ্গে জিনিসপত্রের দামের তালিকা টাঙ্গিয়ে দেয়া এবং ওজন ঠিকমতো দেয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।
পাচারের সময় বান্দরবানে ট্রাকসহ দেড়শ’ ফুট চোরাই কাঠ আটক
বান্দরবানে পাচারের সময় ট্রাকসহ দেড়শ’ ফুট চোরাই কাঠ আটক করা হয়েছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার টংকাবর্তী এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে মজুদ করা দেড়শ’ ফুট বিভিন্ন জাতের মূল্যবান কাঠ আটক করেছে বনবিভাগ। এসময় পাচার কাজে ব্যবহূত একটি ট্রাকও আটক করেছে পুলিশ। এ বিষয়ে বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা তসিবুল বারী খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাঠগুলো জব্দ করা হয়েছে। আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।