ভরা মৌসুমেও নদীতে ইলিশ নেই জেলেরা অলস সময় কাটাচ্ছেন

ভরা মৌসুমেও পিরোজপুরের কাউখালীর কচা, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ ৫টি নদীতে ইলিশ নেই। ইলিশ ধরা না পড়ায় জেলেরা অলস সময় কাটাচ্ছেন। সাখায়েত, বাদশা, হানিফ জানান, নদীতে ইলিশ মাছ ধরা না পড়ায় চরম বিপাকে পড়েছে তারা। মাছ ধরতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকার তেলের খরচও মিলছে না। অন্যদিকে জেলেদের দাদন দিয়ে এখন বেকায়দায় পড়ছে ব্যবসায়ীরা। মাছ ধরা না পড়ায় তারা মহাজনের দাদনের টাকা পরিশোধ করতে পারছে না। জেলেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে মনে করেন জলবায়ু পরিবর্তনের ফলে কচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর গভীরতা ক্রমান্বয়ে কমে যাওয়ায় ইলিশের প্রজনন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদীতে ভরা মৌসুমে ইলিশ মাছের অকাল দেখা দিয়েছে। নদীর ৮/১০টি স্পটে জাটকা ইলিশ প্রতিপালিত হয় সে স্থানগুলো ভরাট হয়ে যাচ্ছে। উপজেলার বেকুটিয়া ফেরিঘাট, পাঙ্গাসিয়া, পোলের হাট, আমরাজুরি ফেরিঘাট, দক্ষিণ বাজার, উত্তর বাজার নদীতে ইলিশ ধরা না পড়ায় জেলেসহ সবার মাঝে হতাশা বিরাজ করছে।