কীটনাশক, চিংড়িসহ তিনটি ডিঙ্গি নৌকা আটক

সুন্দরবনে খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় নয় জেলে আটক

সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় নয় জেলেকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ভোররাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পের ঝাপসি ও মনসা খাল এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সেনেকট নামে এক বোতল কীটনাশক, শিকার করা চার কেজি চিংড়ি ও তিনটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়। এই ঘটনায় জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমেদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করেছেন। আটককৃতরা হলেন, আনোয়ার গাজী, মিজান শেখ, জাহাঙ্গীর শেখ, আকতার মোল্লা, রবিউল ইসলাম, শাজাহান শেখ, হযরত ঢালী, রুহুল আমীন ও জুলকার নাইন। এদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী দুপুরে এই প্রতিবেদককে বলেন, বেশ কিছুদিন ধরে সুন্দরবনের গহীনের বিভিন্ন খালে অবৈধভাবে প্রবেশ করে জেলেরা কীটনাশক দিয়ে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া ক্যাম্পের একদল বনকর্মী বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুটি খালে অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করে।