চট্টগ্রামে হেলে পড়া ভবন আতংকে ৮ পরিবার

নগরীর কোতোয়ালী এলাকায় হেলে পড়া ছয়তলা ভবন আতংকে পার্শ্বস্থ চারতলা ভবনের ৮টি পরিবার দিনাতিপাত করছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ছয়তলা ভবনটি ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করলেও এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। পার্শ্ববর্তী চারতলা ভবনের মালিকসহ ঐ ভবনে বসবাসকারী ৮টি পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল বিভাগে ধরনা দিলেও কোন কাজ হচ্ছে না। এতে করে তারা চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ উত্কণ্ঠার মধ্যে রয়েছেন। গত ১০ এপ্রিল নগরীতে পরপর তিনবার ভূমিকম্পের কারণে পি.কে সেন রোডস্থ দীপক বড়ুয়ার মালিকানাধীন ছয়তলা বিশিষ্ট বড়ুয়া ভবনটি হেলে পড়ে। বড়ুয়া ভবনটি তার দক্ষিণ পার্শ্বস্থ রাখাল বিশ্বাসের মালিকানাধীন চারতলা বিশিষ্ট ‘মা’ ভবনের দিকে হেলে পড়ে। হেলে পড়ার কারণে বড়ুয়া ভবনটির অংশ বিশেষ ‘মা’ ভবনের সাথে লেগে তার সেনিটারি পাইপসহ জানালায় চাপ সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের পরিদর্শন রিপোর্টে বলা হয়, ১ ফুট থেকে ১ ফুট ৬ ইঞ্চি পর্যন্ত হেলে গেছে। জানা যায়, বড়ুয়া ভবনটি হেলে পড়ায় ‘মা’ ভবনের মালিক স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে বৈঠক ডাকলে হেলে পড়া ভবনের চাপ কমানোর জন্য ছয়তলার ওপরের অন্ততঃ দুইতলা ভেঙ্গে ফেলার জন্য লোকজন মতামত দেয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ভবনটি পরিদর্শন শেষে হেলে পড়ার ব্যাপারে জানান এবং ফায়ার সার্ভিসের নিকট পুনরায় পরীক্ষার জন্য অবহিত করেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরিদর্শন শেষে হেলে পড়ার বিষয়টি জানিয়ে ফায়ার সার্ভিস সিডিএ’র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। এরপর সিডিএ’র পক্ষ থেকে এক পত্রে ঝুঁকিপূর্ণ ভবন বিধায় ছয়তলা ভবনটি সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। সিডিএ’র পত্রের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের এস্টেট বিভাগ থেকে ভবন মালিক দীপক বড়ুয়াকে তার ঝুঁকিপূর্ণ ভবনটি নিজ দায়িত্বে অপসারণ করতে পত্র দেয়। অন্যথায় সিটি কর্পোরেশন অপসারণের ব্যবস্থা গ্রহণ করবে এবং উক্ত কাজে যে খরচ হবে তা তার নিকট থেকে আদায় করবে বলে পত্রে উল্লেখ করে। সিটি কর্পোরেশন থেকে গতমাসে পত্র দেয়া হলেও এ পর্যন্ত অপসারণের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়। সিডিএ গত কয়েক বছরে নগরীতে প্রায় ৭০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করলেও এ পর্যন্ত একটি ভবনও অপসারণ কিংবা ভেঙ্গে ফেলার উদ্যোগ নেয়া হয়নি। রানা প্লাজার ট্র্যাজেডির পর সিডিএ এবং সিটি কর্পোরেশনের কিছু তোড়জোড় দেখা গেলেও তা এখন নেই বললেই চলে। ইতিমধ্যে চিহ্নিত ৭০টি ভবনের সবগুলো ভেঙ্গে পড়লে এককভাবেই ভবনগুলোতে অবস্থানকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু বড়ুয়া ভবনটি ভেঙ্গে পড়লে ওই ভবনসহ পার্শ্ববর্তী মা ভবন ও অন্যান্য ভবনে বসবাসকারীরা বিপর্যয়ের সম্মুখীন হবেন বলে আশংকা করা হচ্ছে। বড়ুয়া ভবনের মালিক দীপক বড়ুয়া ইত্তেফাককে জানান, তার ভবন হেলে পড়েনি সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যে সকল পত্র দেয়া হয়েছে তার ব্যাপারে তিনি জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। মা ভবনের মালিক রাখাল চন্দ্র বিশ্বাস জানান, পার্শ্ববর্তী ছয়তলা ভবন হেলে পড়ে তার চারতলা ভবনের সাথে লেগে গেছে। এতে করে তারা আতংকের মধ্যে রয়েছেন। তিনি অবিলম্বে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারি সংস্থাসমূহের প্রতি আহবান জানান।