খুলনায় মাত্র ৩১ ডিলার টিসিবির পণ্য তুলেছেন

রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপণ্য উত্তোলন শুরু হলেও খুলনা বিভাগে টিসিবির অধিকাংশ ডিলার এখনো তা উত্তোলন করেননি। ৫৩৫ জন ডিলারের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৩১ জন টিসিবির পণ্য উত্তোলন করেছেন। এতে রোজায় স্বল্প আয়ের মানুষ কম দামে নিত্য পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডিলাররা বলছেন, টিসিবির পণ্যের গুণগত মান তুলনামূলক খারাপ আর দামও বেশি। খুলনা টিসিবি কর্তৃপক্ষ জানায়, চলতি বছর টিসিবির নিত্যপণ্যের দাম গতবারের চেয়ে কম এবং মানও ভালো। ফলে টিসিবির ডিলার ও সাধারণ মানুষ উভয়েরই লাভ হবে। গত বছরের তুলনায় টিসিবির নিত্যপণ্যে পাইকারি ও খুচরায় কেজিপ্রতি ৪ থেকে ১০ টাকা পর্যন্ত কম ধরা হয়েছে। সূত্রমতে, খুলনা বিভাগের দশ জেলায় এ বছর ৫৩৫ জন ডিলার রয়েছেন। বাগেরহাট জেলায় এ বছর টিসিবির ৩৪ জন ডিলার রয়েছেন। টিসিবির খুলনা ডিপোর উপনির্বাহী কর্মকর্তা জানান, ২০ জুন খুলনা বিভাগের সব ডিলারকে পণ্য উত্তোলনের জন্য চিঠি দেয়া হয়। বৃহস্পতিবার পর্যন্ত ৩১ জন পণ্য উত্তোলন করেছেন। আশা করি, আগামীকাল ৭ জুলাইয়ের মধ্যে সব ডিলার তাদের পণ্য উত্তোলন করে নিজ নিজ এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে বিক্রি শুরু করবেন। আর তা না করলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।