ভিওআইপি লাইসেন্স পাচ্ছে আরো ১৫৯ প্রতিষ্ঠান
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:৪৫
দ্বিতীয় কিস্তিতে আরো ১৫৯ প্রতিষ্ঠানকে ভিওআইপি লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রথম দফায় ৮৪১ প্রতিষ্ঠানকে ভিওআইপি সার্ভিস প্রোপাইটার (ভিএসপি) লাইসেন্স দেয়া হয়।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স শাখার উপ-পরিচালক তারিক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ১৫৯ প্রতিষ্ঠানের একটি তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সূত্র জানায়, দেশে ভিএসপি লাইসেন্সের সংখ্যা এক হাজারে উন্নীত করতে বিটিআরসির এই উদ্যোগ।
জানা গেছে, প্রথম দফায় ভিএসপি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো এখনো অপারেশনে যেতে পারেনি। আইজিডাব্লিউগুলোর সঙ্গে বিটিআরসির রাজস্ব ভাগাভাগি নিয়ে ঝামেলার কারণে লাইসেন্স পাওয়া ভিএসপি মালিকরা উদ্বিগ্ন। তাদের দাবি প্রায় ৬ লাখ টাকা বিনিয়োগ করে তারা দীর্ঘদিন ধরে কোন আয়ের পথ দেখছেন না। টেলিযোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন দেশের এতগুলো প্রতিষ্ঠানের ভিওআইপি সেবা দেয়ার বাজার না থাকলেও সরকার রাজনৈতিক কারণে লাগামহীনভাবে লাইসেন্স দিয়ে যাচ্ছে। তারা বলছেন, চারটির থেকে ইন্টারন্যাশনাল গেইটওয়ে (আইজিডাব্লিউ) ২৯টিতে উন্নীত করার ফলে বিটিআরসি যে বিপদে পড়েছিল ভিএসপির ক্ষেত্রেও বিটিআরসি একই রকম বিপদে পড়তে পারে।