মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে হিমসাগর জাতের আম ২৫ মে থেকে এবং ল্যাংড়া জাতের আম বাজারজাত শুরু হবে ৩১ মে থেকে। রবিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, কৃষি অধিপ্তর ও আম চাষিদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ১৪ মে থেকে দেশি আর্টি ও বোম্বাই জাতের আম বাজারজাত শুরু হবে। একইসঙ্গে আমে ক্ষতিকর কার্বাইড ও ফরমালিন না মেশানের জন্য আম চাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মো. আতাউল গনি।
জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান, আম চাষি আলাউদ্দিন, শাহিনুর রহমান।
জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, আম উত্পাদনে প্রচারণার দিক দিয়ে সাতক্ষীরা ও রাজশাহী অনেক এগিয়ে আছে; কিন্তু মেহেরপুর আম উত্পাদনে অনেক এগিয়ে।
তিনি আরো বলেন, আম বাজারজাতকরণের যে সময়সীমা নির্ধারণ করা হলো তার দুইএকদিন আগে-পরে আম পুষ্ট হলে বাজারজাত করতে সমস্যা নাই। তবে জনস্বাস্থ্যে ক্ষতি হয় এমন কেমিক্যাল মিশ্রণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।