গুলশানে স্কুলছাত্র হত্যার কুলকিনারা মেলেনি

গুলশানের কালাচাঁদপুরে স্কুল ছাত্র তিলক অগাস্টিন পালমা (১৫) হত্যা রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গতকাল শুক্রবার পর্যন্ত এ ঘটনায় কোন মামলাও হয়নি। হত্যার কয়েকদিন আগে মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে তিলকের বিরোধের কথা জানিয়েছে পুলিশ। তবে এর জের ধরেই হত্যাকাণ্ড ঘটে কি-না তা নিশ্চিত হতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা। তিলকের এক আত্মীয় বলেন, কেন তাকে হত্যা করা হয়েছে তা তারা বুঝতে পারছেন না। তিলক বা তার পরিবারের সঙ্গে কারো সে রকম কোন বিরোধ ছিল না। তবে এক সপ্তাহ আগে বন্ধুদের সঙ্গে তিলকের সামান্য বিরোধ হয়। প্রতিদিন সকালে কোচিং সেন্টারে যাওয়ার সময়ে সে একটি মোবাইল ফোন সঙ্গে নিয়ে যেত। কিন্তু স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় সেখানে নিয়ে যেত না। ঘটনার দিন স্কুলে যাওয়ার সময় তার কয়েক বন্ধু পথ আটকে তার মোবাইল ফোনটি চায়। সেটি সঙ্গে নেই জানালে তাকে গালাগাল করে ‘দেখে নেব’ বলে হুমকি দেয় বন্ধুরা। কিন্তু তারাই তিলককে হত্যা করেছে কি-না তা বলতে পারছি না। মোবাইল ফোনটিও খুব বেশি দামি ছিল না। তিলককে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। গত বৃহস্পতিবার সকালে গুলশানের কালাচাঁদপুরের পশ্চিমপাড়ার ক-১০০ নম্বর বাসায় কালাচাঁদপুর হাই স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তিলক অগাস্টিন পালমা খুন হয়।