‘প্রসারিত হয়েছে চেতনার ক্ষেত্র’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়্যারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের মতো ধর্মীয় একটি প্রতিষ্ঠান গবেষণা নিয়ে কাজ করছে। আর এ চিত্র থেকেই বোঝা যায় বাংলাদেশে চেতনার ক্ষেত্রটা কতটা প্রসারিত হয়েছে। গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন ও বিপিডিএম-এর যৌথ উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও মিলনায়তনে আয়োজিত গবেষণা সম্পর্কিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকারস এসোসিয়েশনের চেয়ারম্যান ও ন্যাশনাল ক্রেডিট ও কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমীন প্রমুখ। আজাদ চৌধুরী বলেন, ইসলামিক ফাউন্ডেশন শুধু ধর্মতত্ত্ব্ব ও ফিকাহ্ নিয়েই কাজ করছে না তারা সামাজিক বিজ্ঞানের সকল শাখায় বিচরণ করে তাদের সক্ষমতা অর্জন করেছে। বিশেষ অতিথি ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু বিভিন্ন অর্জনের পাশাপাশি একটি বড় ব্যর্থতা হল বাংলাদেশ সামাজিক নিরাপত্তা বিধানে অনেক পিছিয়ে পড়েছে। সামীম মোহাম্মদ আফজাল ইসলামী বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে গবেষণা ক্ষেত্রে কাজ করার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।