গাজীপুর নির্বাচনেও
সরকার হস্তক্ষেপ
করবে না :সুরঞ্জিত
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৫
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, অতীতের মত সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও হস্তক্ষেপ করবে না। এই স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের অধীনে গাজীপুরবাসী তাদের ভোটাধিকার নিশ্চিন্তে প্রয়োগ করতে পারবে।
গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত খালেদা জিয়ার দেশে-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বড় খেলোয়াড় আখ্যা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এরশাদের নাটক দেখলাম। গাজীপুরের মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের সালাম নিলেন। আবার মান্নান সাহেবেরও সালাম নিলেন।
জিএসপি নিয়ে খালেদা জিয়া জাতির কাছে নগ্নভাবে ধরা পড়েছে দাবি করে আওয়ামী লীগের এই উপদেষ্টামণ্ডলীর সদস্য বলেন, ৬ মাস আগে যখন ওয়াশিংটন টাইমসে উনার (খালেদা) লেখা প্রবন্ধ ছাপা হয়েছিলো, ব্যারিস্টর মওদুদ আহমেদ সাহেব তখন বলেছিলেন বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য এটি উত্কৃষ্ট উদাহরণ। আজকে যখন এই চিঠি তার বিরুদ্ধে যাচ্ছে তখন তিনি অস্বীকার করছেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।