সিলেট সিটি করপোরেশন

কাউন্সিলর পদে একটি ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ আজ

সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণ হবে আজ শনিবার। ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। গত ১৫ জুন অনুষ্ঠিত সিসিক নির্বাচনে বর্তমান কাউন্সিলর জামাল আহমদ ও অপর প্রার্থী আব্দুল মুহিত জাবেদ উভয়ই এক হাজার ৭৭৪টি করে ভোট পান। এমতাবস্থায় কমিশন এই ওয়ার্ডের ফলাফল ঘোষণা না করে ৬ জুলাই পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাল আহমদ ও আব্দুল মুহিত জাবেদ। এদিকে সুষ্ঠু পরিবেশে ভোট সমপন্ন করতে এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ ওয়ার্ডের চার কেন্দ্রে দু’জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন সিসিক নির্বাচনে সহকারী জেলা রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম। অন্যদিকে বৃহসপতিবার রাত ১২ টার পর থেকে এলাকায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচারণা বন্ধ রয়েছে।