রানা প্লাজায় আহত শ্রমিকদের পাশে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল

‘আমরা আছি তোমাদের পাশে’ এ স্লোগানে দ্বিতীয়বারের মতো রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিত্সা সেবা ফলো-আপ মেডিক্যাল ট্রিটমেন্ট-২ দিতে এগিয়ে এসেছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। শুক্রবার সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডাঃ সরদার এ নাঈমের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম আহত শ্রমিকদের চিকিত্সা সেবা প্রদান কার্যক্রম শুরু করে। এসময় হাসপাতালের পক্ষ থেকে সহস্রাধিক শ্রমিকদের বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ ও চাল সরবরাহ করা হয়। ফলো-আপ মেডিক্যাল ট্রিটমেন্ট শেষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও আমদা বাংলাদেশের পক্ষ থেকে সাভার প্রেসক্লাব, এনাম মেডিক্যাল কলেজসহ রানা প্লাজা ট্রাজেডিতে সাহসিকতার সাথে যারা এগিয়ে এসেছে এরকম ১১টি সংগঠন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এসময় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জোনাইদ শফিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।