শাহজাদপুুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

গতকাল শুক্রবার শাহজাদপুর থানার এএসআই জামিল হোসেন (৩৫) মোটরসাইকেলে করে সমন জারি করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক কনস্টেবল সুকুমার (৪৫) গুরুতর আহত হয়। শাহজাদপুর থানার (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গতকাল শুক্রবার দুপুর ২টায় মোটরসাইকেলে করে এএসআই জামিল হোসেন সমন জারির উদ্দেশে থানা থেকে বের হয়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার নুকালী নামক স্থানে পৌঁছামাত্র ঢাকা থেকে পাবনাগামী শ্যামলী পরিবহনের একটি কোচ তার মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী জামিলসহ মোটরসাইকেলটি কোচের ভিতরে ঢুকে পড়ে। এ সময় মোটরমাইকেল চালক কনস্টেবল সুকুমার মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়, কোচটি এ সময় মোটরসাইকেলসহ জামিলকে প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। শ্যামলী পরিবহনের কোচটি পালিয়ে যায়। আহত পুলিশ কনস্টেবল সুকুমারকে চিকিত্সার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত এএসআই জামিলের বাড়ি যশোর জেলায়। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে। রায়পুরে ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ-হাওলাদার বাজার সড়কের শিমুলতলিতে শুক্রবার (৫ জুলাই) দুপুরে দ্রুতগামী ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গোলাম রাব্বানী (১১) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে ঝাউডগি গ্রামের আবু তাহেরের ছেলে ও স্থানীয় ঝাউডগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রাব্বানী বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় একটি দ্রুতগামী পাওয়ার ট্রলি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রলিটি আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। তবে চালক পালিয়ে গেছে।