সদরপুরে আড়িয়াল খাঁয় ড্রেজার দিয়ে মাটি কাটায় ভাঙ্গন বৃদ্ধি

সদরপুরে আড়িয়াল খাঁ নদ থেকে উপজেলার চন্দ্রপাড়া এলাকায় ড্রেজার দিয়ে অবাধে মাটি কাটা হচ্ছে। ফলে উক্ত এলাকার আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন প্রতিরোধ বাঁধ, বন্যানিয়ন্ত্রিত বাঁধ, চন্দ্রপাড়া দরবার শরীফসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নদী ভাঙ্গনের চরম হুমকির মুখে পড়েছে। উক্ত এলাকার জনগণ মাটি কাটা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে। সরেজমিনে তথ্যসংগ্রহকালে জানা গেছে, আড়িয়াল খাঁ নদের ভাঙ্গনের ঝুঁকিপূর্ণ এলাকা চন্দ্রপাড়া। গত ১০ বছর যাবত্ নদের ভাঙ্গন পশ্চিমদিকে প্রবাহিত। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ চন্দ্রপাড়া দরবার শরীফ নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য সরকার ভাঙ্গন রক্ষা বাঁধের পরিকল্পনা নেয়। গত ৫ বছর যাবত্ উক্ত এলাকায় প্রায় ৫ কোটি টাকার বালুর বস্তা ফেলে ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রায় ১ কিলোমিটার এলাকায় ভাঙ্গন প্রতিরোধ বাঁধ নির্মাণ করে। এরপরও গতবছর দু’টি গ্রামসহ কয়েকশ’ একর ফসলের মাঠ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে উক্ত এলাকায় ভাঙ্গন প্রতিরোধ বাঁধ নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এ বছর বর্ষা মৌসুম শুরুর পূর্বেই একটি প্রভাবশালী মহল সরকার দলীয় এক প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় ড্রেজার দিয়ে মাটি কাটা অব্যাহত রেখেছে। অভিযোগ রয়েছে, উক্ত ড্রেজার মালিক প্রতিদিন বালু উত্তোলন করে শ’ শ’ ট্রাক বালু বিক্রি করে আসছে। এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ড্রেজার দিয়ে মাটি কাটা আইনগত নিষিদ্ধ। এরপরও কেউ মাটি বা বালু কাটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্া নেয়া হবে।