ভোট গণনায় কারচুপির কোন সুযোগ নেই
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২৩:২০
নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে মেয়র প্রার্থী অধ্যাপক এমএ মান্নান বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মতিয়ার রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয় বঙ্গতাজ মিলনায়তনে তাত্ক্ষণিক এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। সাংবাদিক সম্মেলনে তিনি ভোট গণনা প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, এখানে ভোট গণনায় কারচুপির কোন সুযোগ নেই। বিগত চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে যেভাবে ভোট গণনা হয়েছে সেই একই বিধি অনুযায়ী এ নির্বাচনেও ভোট গণনা করা হবে।
এদিকে গতকাল বিকালে এমএ মান্নান টঙ্গী এলাকায় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এ বিষয়ে মতিয়ার রহমান বলেন, প্রচারণার সময়সীমা শেষ হয়ে যাবার পরে এ ধরনের সাংবাদিক সম্মেলন করা নির্বাচনের বিধিবহির্ভূত। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তথ্য-প্রমাণ সাপেক্ষে তাকে নোটিস দেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এমএ মান্নান সাংবাদিক সম্মেলন করছেন এ মর্মে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দাখিল করেন মেয়র প্রার্থী আজমত উল্লা খানের নির্বাচন কার্যালয়ের সমন্বয়কারী আমানত হোসেন খান। বেশ কয়েকজন সাংবাদিক উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
এমএ মান্নানকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল তিনটি পর্যায়ে ঘোষণা করা হয়। সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ভোট গণনার পর সকল প্রার্থী বা প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টের সামনে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে থাকেন। ফলাফল শিটে প্রত্যেক পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেন। সেই ফলাফলের কপি প্রত্যেক পোলিং এজেন্টের কাছে হস্তান্তর করা হয়। এরপর একটি কপি উক্ত কেন্দ্রের নোটিস বোর্ডে ঝুলিয়ে দেয়া হয়। এরপর উক্ত ফলাফলের কপি প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করেন। রিটার্নিং অফিসার উক্ত ফলাফল মনিটরিং সেলে ঘোষণা করেন। এরপর সকল কেন্দ্রের ভোট এক সঙ্গে করে তার যোগফলসহ ঘোষণা করা হয়। ফলে জয়-পরাজয়ের ফলাফল সবার সামনেই হয়। বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফলের কপিতে প্রার্থীদের স্বাক্ষর ও রিটার্নিং অফিসারের স্বাক্ষর নিয়ে ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন থেকে সরকারিভাবে গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলে কারচুপির কোন সুযোগ নেই।