‘প্রস্তাবে’ রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে বেধড়ক পিটুনি, হাত ভেঙেছে
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২৩:২১
যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের ‘প্রস্তাবে’ রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উপজেলার বকশিপুর গ্রামে। গ্রামের মহিদুল ইসলামের পুত্র শাহাবুদ্দীন ও ইয়াকুব আলী দুইবন্ধু একই গ্রামের মেয়ে ও এবিসিডি কলেজের ২য় বর্ষের ছাত্রীকে দীর্ঘদিন কুপ্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।
ঘটনার দিন আহত কলেজ ছাত্রী ও তার মা মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পাটক্ষেতের পাশে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের উপর ঝাপিয়ে পড়ে। কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় সম্ভ্রম বাঁচাতে মা-মেয়ে চিত্কার করলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে কলেজ ছাত্রীর ডান হাত ভেঙ্গে যায়। লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত কলেজ ছাত্রীকে চৌগাছা মডেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।