বরিশালে চোরের ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২৩:২১
নগরীর জানুকি সিংহ রোডের এএম ম্যানশনে চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা আফরোজা সিমু (৩৮)। বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঐ বাসার গ্রিল কেটে চোর ভিতরে প্রবেশ করে। বাসার লোকজন বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে নিহতের পরিবার ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের স্বামী অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রভাষক মাহমুদ আল জালাল জানান, খাবার রুমের জানালার গ্রিল কেটে চোর ভিতরে প্রবেশ করে। নিহত আফরোজা সিমু’র বড় মেয়ে দশম শ্রেণীর ছাত্রী রূপাইয়া জানান, তারা দু’ বোন চোর দেখে চিত্কার শুরু করলে তাদের মা ছুটে আসেন। এসময় চোর তার মায়ের বুকে ছুরিকাঘাত করে। তারপর খাবার রুমের কাটা গ্রিলের জানালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বাসার ভেতরে স্বামী ও স্ত্রী পৃথক কক্ষে অবস্থান করছিলেন। এ সুযোগে চোর ঢুকে স্বামীর কক্ষের দরজা আটকে দিয়ে স্ত্রীর কক্ষে চুরি করতে গিয়ে খুনের ঘটনা ঘটায়। ভোর চারটার দিকে আফরোজা সিমুকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর চুরি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করার জন্য সিআইডির একটি টিম মাঠে নেমেছে। নিহতের লাশ শের-ই বাংলা মেডিক্যাল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।