মানিকছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২৩:২১
জেলার মানিকছড়ি উপজেলার তিনট্যহরী ভোলা এলাকায় প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা গ্রুপ) এক সক্রিয় সদস্য উমং মারমা (৫০) খুন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল আনুমানিক ২টায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ইউপিডিএফ-এর সশস্ত্র সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে নিরাপত্তা বাহিনী এলাকাবাসীর দেয়া তথ্য পেয়ে নিশ্চিত হয়েছে। ঘটনার খবর পেয়ে পাহাড়ি ঐ দুর্গম ঘটনাস্থলে তত্ক্ষণাত্ লক্ষীছড়ির বাইন্যাছড়ি ক্যাম্পের সেনাবাহিনীর একটি বিশেষ দল পৌঁছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পর বিকাল সোয়া ৪টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
হত্যাকাণ্ড সম্পর্কে মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী নিশ্চিত করে বলেছেন, একটি ইটভাটা সংলগ্ন চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ৩/৪ জনের একটি সশস্ত্র দল খুব কাছ থেকে তাকে (উমং) গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বলেছে, ঘটনাস্থলটি মানিকছড়ি থেকে দূরে এবং দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে বিলম্ব হচ্ছে।