সুন্দরবনের কাছে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ না করতে মানববন্ধন

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন রামপাল উপজেলার সাপমারী-কাটাখালী এলাকায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্রর শেখ হেলালউদ্দিন ডিগ্রি কলেজের সামনে কৃষি জমি রক্ষা সংগ্রাম পরিষদ ও আলোর পথযাত্রী নামে দুটি সংগঠন যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া শত শত জমির মালিক তাদের অধিগ্রহণ করা এক হাজার ৮৩৪ একর জমি ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা সতর্ক করে দেন দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। সমাবেশে উল্লেখ করা হয়, এই বিদ্যুত্ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে। রামপাল উপজেলা কৃষি জমি রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি সুশান্ত দাস, আলোর পথযাত্রীর সমন্বয়ক রায়হান সিদ্দিকী, সদস্য মুসাফির মোর্শেদ এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল মানববন্ধনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আগামী ২৪ সেপ্টেম্বর তাপ বিদ্যুত্ কেন্দ্র বন্ধের দাবিতে ঢাকা থেকে রামপালের উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। তা আগামী ২৮ সেপ্টেম্বর রামপালে এসে শেষ হবে।