হোপের ৩ জন জীবিত ও ২ জনের লাশ উদ্ধার

থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে আংশিক ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি হোপ’ থেকে তিন জনকে জীবিত ও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বন্দর অভিমুখী জাহাজটির নিখোঁজ ১৭ নাবিকের মধ্যে গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি সাতজনের বিষয়ে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল থাইল্যান্ডের ফুকেট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল জার্মানির কন্টেইনারবাহী জাহাজ বাক্সমুন তিনজনকে উদ্ধার করে রাজকীয় থাই নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। উদ্ধারকৃতদের মধ্যে জাহাজের ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান, আবু বকর সিদ্দিক ও সেকেন্ড অফিসার মোবারক হোসেনের পরিচয় জানা গেছে। তাদেরকে ভাচিরা ফুকেট হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে বলে বার্তা সংস্থা ফুকেট নিউজ জানায়। তবে উদ্ধারকৃত লাশ দুটির পরিচয় নির্দিষ্ট করা যায়নি। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ২৭ ঘণ্টা পর খোঁজ পাওয়া যায় বাংলাদেশি মালিকানাধীন ‘এফবি পাইলিন’ নামের মাছ ধরা ট্রলারটির। থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে গত বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটির সঙ্গে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে গতকাল সন্ধ্যায় জানা যায়, এটি থাইল্যান্ডের ফুকেট উপকূল দিয়ে বাংলাদেশে আসছে। জাহাজের তিন বাংলাদেশি নাবিকসহ মোট ১০ জন নাবিক সুস্থ আছেন। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের ফুকেট উপকূল থেকে ৩৬ কিলোমিটার দূরে প্রবল ঝড়ো হাওয়া ও ঢেউয়ের আঘাতে ‘এমভি হোপ’ ডুবে যায়। এ দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকসহ ১১ জন নাবিক নিখোঁজ হলেও রাজকীয় থাই নৌবাহিনীর উদ্ধারকারী দল গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিখোঁজ বাংলাদেশিদের মধ্যে ট্রলারের ক্যাপ্টেন কৃপায়ন চাকমার পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম ঠিকানা জানা যায়নি। জাহাজ মালিকদের সংগঠন পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের ইত্তেফাককে জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ৩ জুলাই থাইল্যান্ড থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রলারটির মালিক বাংলাদেশি। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার ভোর প্রায় ৪টার দিকে এমভি হোপ নামে একটি পণ্যবাহী জাহাজ ডুবে যায়। উদ্ধারকৃতদের ভাচিরা ফুকেট হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে বলে রাজকীয় থাই নৌবাহিনীকে উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ফুকেট নিউজ জানায়। এদিকে ডুবে যাওয়া এমভি হোপ জাহাজের নিখোঁজ নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাদের স্বজনরা। গতকাল জাহাজের সেকেন্ড অফিসার মোবারক হোসেনের ভগ্নিপতি মো. মুসা ইত্তেফাককে আক্ষেপ করে বলেন, জাহাজডুবির ঘটনায় বিভিন্ন সূত্র থেকে আমাদের বিভিন্ন রকম তথ্য দেয়া হচ্ছে। সঠিক তথ্য না পেয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সাহায্যের হাত না বাড়ালে হয়তো আমরা আমাদের স্বজনদের লাশটিও ফেরত পাবো না।