রাজাপুরে আ’লীগের বর্ধিত সভায় এমপি লাঞ্ছিত
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২৩:৩৯
ঝালকাঠির রাজাপুরে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। এসময় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন লাঞ্ছিত হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৬টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আ’লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। পরে রাজাপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় পুলিশের সাথেও আ’লীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আ’লীগ নেতারা জানান, বিকাল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয় আ’লীগের বর্ধিত সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বজলুল হক হারুন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য দিতে বাধা দেয়াকে কেন্দ্র করে আ’লীগ নেতাকর্মীরা একাধিকভাগে ভাগ হয়ে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এমপি হারুনকে গালিগালাজ করে উপজেলা আ’লীগের রাজনীতি ধ্বংস করার পায়তারা চালানোর অভিযোগ এনে এমপি হারুনকে লাঞ্ছিত করে। এ ব্যাপারে সংসদ সদস্য বজলুল হক হারুনের কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।