আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
সারাদেশের মতো আদমদীঘিতে তীব্র গরমে পুড়ছে জনজীবন। রমজান মাসের তারাবির নামাজ পড়তে গ্রামবাসী ছুটে যাচ্ছে শহরের এসি লাগানো মসজিদে। এদিকে পুরো উপজেলায় মসজিদগুলোতে এসি কেনার ধুম পড়েছে। আদমদীঘি উপজেলায় তিন লাখের বেশি মানুষের বসবাস। ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কাটার পর থেকে বগুড়ার আদমদীঘিতে তাপপ্রবাহ বাড়ে। গত কয়েকদিনের চেয়ে শনিবার তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। সারাদিন রোজা থাকার পর বেশি সময় ধরে একটু আরামে তারাবির নামাজ পড়তে মুসল্লিরা এসিওয়ালা মসজিদ খুঁজছে। তীব্র গরমে গ্রাম থেকে শহরের মসজিদে তাদের ছুটতে দেখা যায়। গরমের কারণে গ্রামের মসজিদগুলোতে মুসল্লির উপস্থিতিও কম দেখা যায়।
জিনইর গ্রামের শামীম জানান, গত কয়েকদিন তীব্র গরমের কারণে একটু আরামের সঙ্গে নামাজ আদায় করার জন্য মুসল্লিরা যে সকল মসজিদে এসি ব্যবহার হচ্ছে সেই সকল মসজিদে ছুটছে। এমনকি অনেক মসজিদ কমিটিকে এসি কেনার জন্য পরামর্শ করতে দেখা যাচ্ছে।