নারায়ণগঞ্জে বেদে সম্প্রদায়ের দুর্দিন
হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৩৬
ডুগডুগি বাজিয়ে নানা রকম সাপ এবং তাবিজ কবজ নিয়ে দ্বারে দ্বারে বেদে বহরেরবাসিন্দাদের হাক পড়তো। বাত-ব্যথায় সিঙা লাগাবেন বলে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটতেন বেদেরা। তাদের ঝাপির মধ্যে থাকা নানা প্রজাতির সাপের খেলা দেখতে ভীড় জমতো যত্রতত্র। কালের বিবর্তনে আজ আর সেই দিন তাদের নেই। পেশার প্রসার কমে যাওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছে। যারা আঁঁকড়ে আছে তাদের দিন কাটছে অর্থকষ্টে। নারী-পুরুষ উভয়ে কাজ করেও তাঁরা আজ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছেনা। তবুও তাঁবু টানিয়ে বিভিন্ন স্থানে ঘুরছে তাদের সম্প্রদায়। তাঁদের কোন স্থায়ী নিবাস নেই। তারা কখনও নৌকায় কখনও খোলা মাঠের তাঁবুতে সপরিবারে বাস করে। সেখানেই চলে তাদের রান্না, ঘুম, গোসল, টয়লেটসহ সব ধরনের কাজ। এদের অনেকেই পথচারীদের ভয় দেখিয়ে, গৃহিণীদের সন্মোহিত করে টাকা-পয়সা আদায় করলেও বড় ধরণের কোন অপরাধে জড়িয়ে পড়ার খবর একেবারেই নেই। তাই গ্রামীন জনপদে তাঁদের প্রয়োজন ফুরালেও জনপ্রিয়তা একেবারেই শেষ হয়ে যায়নি। সাপুড়ে সর্দার তিলক মণ্ডল জানান, পেটের তাগিদে অনেকেই অনেক কিছু করে। আমার আওতাধীন সাপুড়েদের বিরুদ্ধে এ ধরনের কোন অভিযোগ নেই। সাপুড়েরা জানায়, মিডিয়ার মাধ্যমে মানুষ সাপ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। ফলে বাস্তব সাপের ব্যাপারে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছে। আবার অনেকে সাপের খেলা দেখেও টাকা দেয় না।