পাবলিক টয়লেট ভেঙ্গে দোকান

ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাটে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা। এব্যাপারে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এলজিইডির প্রকৌশলী। এলাকাবাসী জানান, মমিন খাঁর হাটের ১৪৬ নং মৌজার খোরশেদ কারিকরের দোকানের পেছনে সরকারি খাস জমিতে সমপ্রতি একটি পাকা দোকানঘর নির্মাণ শুরু করেছে স্থানীয় এক প্রভাবশালী। জানা গেছে, দু’টি পাবলিক টয়লেট ভেঙ্গে দোকান নির্মাণ করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল খোকন বলেন, জনস্বার্থ ব্যাহত করে টয়লেট ভেঙ্গে দোকান নির্মাণ ক্ষমতার অপব্যবহার। এ ব্যাপারে এলজিইডির ফরিদপুর সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. লতিফ হোসেন বলেন, হাটের উক্ত স্থানে দু’টি পাবলিক টয়লেট ও ইউরিনাল ভেঙ্গে ফেলার ঘটনা আমি দেখে এসেছি।