এসপিরিন যেভাবে
ক্যান্সার কোষের
বৃদ্ধি রোধ করে
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪০
লোডোজ এসপিরিন সেবন হার্টের জন্য ভালো, রোধ করে ক্যান্সারের ঝুঁকি। এমন তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞগণ ক্যান্সারের ঝুঁকি রোধে এসপিরিন সেবনের পরামর্শ দিয়ে থাকলেও এতদিন এর কোন বিজ্ঞানভিত্তিক উত্তর দিতে পারেননি বিশেষজ্ঞগণ। এখন সেই উত্তর খুঁজে পেয়েছেন গবেষকগণ। বিশেষজ্ঞগণ বলছেন, গবেষণায় দেখা গেছে, এসপিরিন ও অন্যান্য এসপিরিন জাতীয় ওষুধ ক্যান্সারের জন্য দায়ী এক ধরনের ডিএনএ কোষ বা সোমাটিক জেনম অ্যাবনরমালিটিস বা এসজিএ একত্রিত হওয়ায় গতিকে মন্থর করে দেয়। এই এসজিএ কোষের অস্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক। বিশেষজ্ঞগণ গলার ক্যান্সারে আক্রান্তদের ওপর গবেষণায় দেখেছেন যারা নিয়মিত এসপিরিন ও অন্যান্য ননস্টেরয়ডাল এন্টি ইনফ্লামেটরি ওষুধ সেবন করেছেন তাদের ক্যান্সার কোষের ক্ষতিকারক প্রবণতা শতকরা ৯০ ভাগ পর্যন্ত হ্রাস পেতে পারে। এ ব্যাপারে সানফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ইভালুয়েশন সেন্টারের পরিচালক ড: কার্লো সি ম্যালে উল্লেখ করেছেন যে প্রক্রিয়ায় ঘাতক ব্যাধি এইডসের ভাইরাসের মিউটেশন নিরূপণ করা হয় সেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে ক্যান্সার রোধে এসপিরিনের ভূমিকা নিরূপণে। ড: ম্যালে মনে করেন যে কোন ক্যান্সার খারাপ অবস্থায় যেতে দীর্ঘ সময় লাগে এবং যদি ক্যান্সার কোষের বৃদ্ধির গতিকে থামিয়ে দেয়া যায় তবে ক্যান্সারজনিত মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সম্প্রতি গবেষণা রিপোর্টটি ‘পিলোস জেনেটিকস’ জার্নালে প্রকাশিত হয়।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ