ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হচ্ছে :আইনমন্ত্রী

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ছোটখাটো ফৌজদারি অপরাধ আদালতের বাইরে বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তির বিধান রেখে ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য দিনপঞ্জি প্রণয়ন করা হলে বিচারের দীর্ঘসূত্রতা দূর করা সম্ভব। তিনি বলেন, তদন্ত, সাক্ষীদের সাক্ষ্য প্রদানের সময়, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সাক্ষী কতজন থাকবে তা নির্ধারণ করতে হবে। এটা করা সম্ভব হলেই বিচারক, পুলিশ ও আইনজীবীদের সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টায় মামলা ও আদালত ব্যবস্থাপনা সুচারুরূপে পরিচালনা সম্ভব। ইউএনডিপি ও ইউকেএইডের সহযোগিতায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি’ প্রকল্প আয়োজিত ‘মামলা ব্যবস্থাপনা কমিটি গঠন ও সক্রিয়করণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর বিদ্যুত্ ভবনের বিজয় হলে এ কর্মশালার আয়োজন করা হয়। আইন ও বিচার বিভাগের সচিব এএসএম জহিরুল হকের সভাপতিত্বে কর্মশালায় আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব সৈয়দ আমিনুল ইসলাম, পাবনার জেলা ও দায়রা জজ এম হাসান ইমাম, কুমিল্লার জেলা ও দায়রা জজ এআর মাসুদ, পাবলিক প্রসিকিউটর ও পুলিশের কর্মকর্তারা বক্তব্য রাখেন।