আমানতকারীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪১
গোপালগঞ্জে ১৭ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া প্রিমিয়ার ফিন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর ক্ষতিগ্রস্ত আমানতকারীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। শুক্রবার গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. ইদ্রিস আলী ভুঁইয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, গোপালগঞ্জ জেলায় প্রিমিয়ার মাল্টিপারপাসের এই শাখাটিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ কেউ জমি বিক্রি করে, কেউ সারা জীবন চাকরি শেষে পেনশনের টাকা কেউবা বাসা বাড়িতে কাজ করে উপার্জিত টাকা আমানত হিসেবে রাখেন। কিন্তু হঠাত্ করে প্রতিষ্ঠানটি তাদের গোপালগঞ্জের লঞ্চঘাটস্থ কার্যালয়ে সম্প্রতি তালা ঝুলিয়ে উধাও হয়ে যায়। বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠানটির মূল কার্যালয় ঢাকায় হলেও স্থানীয় কিছু প্রভাবশালী কর্মকর্তাদের প্ররোচনায় অতি অল্প সময় ২ হাজার ২শ গ্রাহক প্রায় ১৭ কোটি টাকা আমানত হিসেবে রাখে। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত আমানতকারীরা সরকারি হস্তক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি এবং এতে কর্মরত প্রতারক কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের আমানতকৃত টাকা ফেরত পাওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনের সড়কে আমানতকারীরা অবরোধ করে ঘণ্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন