বিশ্বনাথে ২ জনপ্রতিনিধির দ্বন্দ্বে ফেরত গেল এডিপির টাকা
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪১
বিশ্বনাথে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বে এডিপির প্রায় ১৫ লাখ টাকা ফেরত যাওয়ায় স্থানীয় ভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গত ৩০ জুন ছিল এডিপির টাকা উত্তোলনের শেষ দিন থাকলেও উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী ওইদিন দুপুরে মোবাইল বন্ধ করে অফিস ত্যাগ করেন। একটি সূত্র জানিয়েছে, ২০১২-২০১৩ অর্থবছরের এডিপির টাকা নিয়ে উপজেলা চেয়ারম্যান ও এমপির মধ্যে দ্বন্ধ দেখা দেয়।
বরাদ্দকৃত অর্থ যাতে ফেরত যায় সেজন্য পরিকল্পিতভাবে উন্নয়ন কাজের টেন্ডার আহবানে বিলম্ব করা হয়। গত এপ্রিলে প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে ২১টি প্রকল্প যাচাই বাছাই ও অনুমোদন করে টেন্ডার আহবান করে কার্যাদেশ দেয়া হয়।
টেন্ডারকৃত কয়েকটি প্রকল্প নিম্নাঞ্চলে থাকায় কাজ করতে কিছুটা বিলম্ব হয়। এই অজুহাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা ও প্রকৌশলী কাজ না করেই টাকা ফেরতের কৌশল নিচ্ছেন জানতে পেরে উপজেলা চেয়ারম্যান টাকা ফেরত না যাওয়ার ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন।
প্রয়োজন বোধে ঠিকাদারের কাছ থেকে অতিরিক্ত জামানত নিয়ে টাকা ফেরত না যাওয়ার ব্যবস্থা নিতে লিখিত অনুরোধ করেন। কিন্তু উপজেলা প্রকৌশলী ৩০জুন অফিস থেকে চলে যাওয়ায় ১৫ লাখ টাকার প্রকল্প থেকে বঞ্চিত হয় উপজেলাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা জানান, জটিলতার কারণে এডিবির টাকা রাখা সম্ভব হয়নি।