পুলিশ উইমেনস নেটওয়ার্কের জাতীয় সম্মেলন শুরু
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪২
দেশে পুরুষ পুলিশের পাশাপাশি নারী পুলিশ সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারী পুলিশ শুধু নারী নির্যাতনের মামলা নিয়ে তদন্তের কাজ দিয়ে শুরু করলেও আজ দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছেন তারা। কয়েক যুগ আগে নারী পুলিশের যাত্রা শুরু হলেও এখনকার মহিলা পুলিশরা আগের থেকে অনেক বেশি কর্মদক্ষ ও ক্ষমতাবান বলে দাবি করেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ‘সক্রিয়তায়, ক্ষমতায়নে’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের দুইদিনব্যাপী প্রথম জাতীয় সম্মেলন উদ্বোধনকালে তিনি এ দাবি করেন।
বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. মখলেসুর রহমান, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, ইউএনডিপি’র পিআরপি হেঙ্ক ভ্যান জিল প্রমুখ।
হাসান মাহমুদ আরও বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিকসহ সবধরনের উন্নয়নে পুরুষ পুলিশের পাশাপাশি নারী পুলিশরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জাতিসংঘ থেকে বাংলাদেশের মহিলা পুলিশ সম্পর্কে সন্তোষজনক মন্তব্য পাওয়া গেছে এবং তারা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দেয়ার কথা ভাবছে।
মো. মখলেসুর রহমান বলেন, বাংলাদেশের নারী পুলিশ এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছেন। আগামীতে তারাই নেতৃত্বের ভূমিকা পালন করবেন।
আয়েশা খানম বলেন, নারীরা ঘর থেকে বেরিয়ে আসার বাধা পার হয়েছে। এখন যোগ্যতার সাথে টিকে থাকা, নিজের অবস্থান তৈরি করার প্রতিযোগিতা করতে হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করেন আইজিপি।
অনুষ্ঠানের শুরুতে নারী পুলিশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি মিউজিক ভিডিও এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।