ইব্রাহীম খাঁ কলেজ জাতীয়করণের দাবি
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪২
২০১২ সালের ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাছিনা ভূঞাপুরে পথসভায় ভূঞাপুর ইবরাহীম খাঁ কলেজ জাতীয়করণের ঘোষণায় দেন। প্রধানমন্ত্রীর ঘোষনায় ভূঞাপুরে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
সূত্র জানায়, ১৯৪৮ সালে স্থাপিত উত্তর টাঙ্গাইলের প্রাচীনতম ইবরাহীম খাঁ কলেজ। এর ধারাবাহিকতায় ২০১২ সালের ৫ জুলাই প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আব্দুল মালেক স্বাক্ষরিত পত্রে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি ইবরাহীম খাঁ কলেজ জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা সচিবকে অনুরোধ জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১২ সালের ১৩ ডিসেম্বর কলেজ জাতীয়করণের জন্য কত টাকা ব্যয় হবে তার তথ্য সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয়া হয়। আর ওই চিঠির প্রেক্ষিতে ২০১৩ সালের ১০ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কলেজটি জাতীয়করণে ৮৬জন শিক্ষক-কর্মচারীর জন্য বার্ষিক ২ কোটি ২৬ লাখ ৪৭ হাজার ৪৮ টাকা ব্যয় হবে বলে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সার সংক্ষেপ প্রেরণ করা হয়।
কিন্তু গত ২২ মে বিভিন্ন পত্রিকায় ৮টি কলেজ জাতীয়করণের যে তালিকা প্রকাশিত হয় তাতে ইবরাহীম খাঁ কলেজের নাম অন্তর্ভুক্ত নেই। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান বলেন, ‘ইবরাহীম খাঁ কলেজ জাতীয়করণ ভূঞাপুরবাসীর প্রাণের দাবি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয়করণ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আশা করছি খুব শীঘ্রই বাস্তবায়ন হবে।’