বাইরে থেকে লিখে আনা ২২টি খাতা ধরা পড়ছে

মেহেরপুরে বাইরে থেকে লিখে এনে খাতা জমা দেয়ার সময় হল শিক্ষকদের হাতে ধরা পড়ায় তুলকালাম শুরু হয়েছে। শুক্রবার গাংনী মহিলা ডিগ্রী কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বা,উ,বি) অধীনে অনুষ্ঠিত এইচএসসি প্রোগ্রামের ইংরেজি ২য় পত্র পরীক্ষার খাতা জমা দেয়ার সময় এ ঘটনা ঘটে। ইংরেজি দ্বিতীয় পত্রে পাস করিয়ে দেয়ার চুক্তিতে কলেজের কয়েকজন শিক্ষক ওই কলেজের ২২ জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা নিয়ে খাতা ও প্রশ্নপত্র বাইরে পাচার করে দেন। ২২ জন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে এনে খাতা জমা দেয়ার সময় ওই কক্ষে পরীক্ষার্থীর তুলনায় অতিরিক্ত খাতা জমা হলে কক্ষ পরিদর্শক আমানুল্লাহর সন্দেহ হয়। এসময় যাচাই-বাছাইকালে ২২টি অতিরিক্ত খাতা কক্ষ পরিদর্শকের স্বাক্ষর ছাড়া পাওয়া যায়। কলেজের পরীক্ষার্থী শামীম আলি জানান, এভাবে বাইরে থেকে লিখে খাতা জমা দেয়ার চুক্তি হওয়ায় সে ১৮ জনের টাকা কলেজ শিক্ষকদের হাতে দিয়েছে। এব্যাপারে কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।