ধামইরহাটে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৪
নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় মাদকসেবীর ছোঁড়া গুলিতে হিটলার হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিত্সার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হিটলার ওই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামে হিটলার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। ঘটনার সময় একই উপজেলার কাঁশোডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (২৭) ও চকযদু গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে লাকিকে (২৫) নিয়ে মোটর সাইকেলে হিটলারের কাছে ফেনসিডিল কিনতে আসে। তাদের কথামত ফেনসিডিল সরবরাহ করতে দেরি হওয়া এবং দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুল উত্তেজিত হয়ে পিস্তল দিয়ে হিটলারকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। এ ব্যাপারে নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদক কেনাবেচাকে কেন্দ্র করে এক মাদকসেবী মাদক বিক্রেতাকে গুলি করেছে।