সিংড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

নাটোরের সিংড়ার লালুয়া পাঁচপাকিয়া প্রাথমিক বিদ্যালয়টি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় ১৫৭ জন শিক্ষার্থী প্রতিদিন ক্লাস করছে। যে কোন সময় ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ১৯৯০ সালে লালুয়া পাঁচপাকিয়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি সরকারিকরণ করা হয়েছে। আশপাশের চার গ্রামের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এ স্কুল। পুরনো ভবনের প্রতিটি কক্ষই ব্যবহারের অনুপযোগী। অভিভাবকরা জানান, ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। যে কোন সময় দুঃসংবাদ চলে আসতে পারে। মাঝে-মধ্যে মনে হয় স্কুলে পাঠানো বন্ধ করে দেই। প্রধান শিক্ষক আলাউদ্দিন বলেন, স্কুলের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও কোন ফল পাওয়া যায়নি। বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই কক্ষে পানি জমে। বৃষ্টির পানিতে প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র ভিজে নষ্ট হচ্ছে। ভবনে পাঠদান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এ ঝুঁকিপূর্ণ ভবনেই কাজ করতে হয়।