পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগান

গাছের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক নিবিড়। মানুষের জন্মলগ্ন থেকে জীবনের শেষ পর্যন্ত গাছের প্রয়োজন। মানুষ জন্মের পর দোলনা থেকে সারাজীবনের প্রতিটি মুহূর্তে এবং মৃত্যুর পর কবরে কিংবা শ্মশানে পৌঁছা অবধি গাছের প্রয়োজন। মানুষের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সম্পর্ক রয়েছে গাছের। একে অপরের পরিপূরক। গাছ ছায়া দেয়। ঘরের দরজা-জানালা ও আসবাবপত্রসহ বহুবিধভাবে আমাদের কাজে আসে। এখন গাছের চারা রোপণের সময়। গাছ লাগানোর সময় বৃক্ষ বৈচিত্র্যের ব্যাপারে দৃষ্টি রাখা প্রয়োজন। তবে কেবল গাছ রোপণ করাই সব কথা নয়। এর লালন পালন ও পরিচর্যা বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ। গাছ রোপণের ব্যাপারে ছোট ছোট ছেলে-মেয়েদের উত্সাহিত করা প্রয়োজন। ছোট বয়সে গাছ লাগালে গাছ বেড়ে ওঠার পর গর্ব করে বলতে পারবে যে, এ গাছটি আমি রোপণ করেছি এবং মনের মধ্যে এক অনাবিল আনন্দ জেগে উঠবে। বাংলাদেশে শতকরা ২৫ ভাগ জমিতে গাছ থাকা আবশ্যক। অথচ আমাদের রয়েছে এক তৃতীয়াংশ জমিতে। এ পূর্ণতা বাস্তবায়নে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। স্বহস্তে একটি গাছ লাগিয়ে আপনার এবং সকলের মঙ্গল করুন। বৃক্ষই পরম বন্ধু। বৃক্ষপ্রীতি মূলত মানুষের আত্মপ্রীতিরই নামান্তর। সুমিত্র বিকাশ বড়ুয়া, নন্দনকানন, চট্টগ্রাম