ত্রিশালে স্কুলছাত্রীকে উত্যক্ত

বিচারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহের ত্রিশালে জয়দা উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে। এ সময় এলাকাবাসী ও ছাত্র অভিভাবকগণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলন করেছে। গত বৃহস্পতিবার উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে রাকীব নামের এক বখাটে স্কুলের সামনে থেকে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টা করে, এসময় শিক্ষার্থীদের বাধার মুখে রাকিব তাকে ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকগণ স্কুলের শিক্ষক ও সভাপতির কাছে এ ঘটনার বিচার দাবি করে। বখাটে যুবক স্কুল কমিটির সভাপতি ও এক শিক্ষকের নিকটাত্মীয় হওয়ায় কোন ব্যবস্থা নেয় হয়নি বলে অভিযোগ। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা গতকাল শনিবার স্কুলে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে। বখাটে যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি ও দুর্নীতিবাজ সভাপতির অপসারণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী ও এলাকাবাসী।