রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২২:০৮
জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার উদযাপিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাদদেশ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। পরে পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সড়ক পদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে শেষ হয়।
বেলা ১১টার দিকে ঐ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক এম নজরুল ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা আনসার উদ্দিন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর রকীব আহমদ প্রমুখ।