ঢাকা-মোহনগঞ্জ রেলপথে
৩০ জুলাই আন্ত:নগর
ট্রেন চলাচল শুরু
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২২:০৯
আগামী ৩০ জুলাই থেকে ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে বলে রেলকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। রেল যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রেলপথে আন্তঃনগর ট্রেন চালু হওয়ার নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার রেলযাত্রী ও ব্যবসায়ীদের মাঝে বিপুল আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কিন্তু ট্রেনের সময়সূচি নিয়ে এলাকার লোকজনের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে। কারণ এই ট্রেন জনসাধারণের কোন উপকারে আসবে না বলে তারা জানিয়েছেন। অবিলম্বে সময়সূচি পরির্তন করে এই ট্রেন চালুর দাবি জানিয়েছেন তারা।
মোহনগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, আন্তঃনগর ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে সকাল ৬টা ১০ মিনিটে মোহনগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছাবে এবং সকাল সাড়ে ৮টায় মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছাবে। এর মধ্যে ট্রেনটির সম্ভাব্য স্টপেজ নির্ধারণ করা হয়েছে ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, গৌরীপুর, শ্যামগঞ্জ, নেত্রকোনা, বারহাট্টা স্টেশন।