ভুরুঙ্গামারীতে ২৫ গ্রামে প্রাইমারি স্কুল নেই

ভূরুঙ্গামারী উপজেলার ২৫টি গ্রামে এখনও কোন প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠেনি। ঐ সকল গ্রামের পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে শিক্ষকের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এতে বিদ্যালয়গুলোতে একদিকে যেমন, অবকাঠামোগত সমস্যার সৃষ্টি হচ্ছে অন্যদিকে পাঠদানে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়বিহীন গ্রামগুলো হলো- চর নলেয়া, চর দেওয়ানের খামার, কামাতআঙ্গারীয়া, গোপালপুর, পঃ নলেয়া, পূর্ব কামাতআঙ্গরীয়া, পঃ বাগভান্ডার, আমবাড়ি (মানিককাজি), খোঁচাবাড়ি (তিলাই), পাথরডুবি ঘোনাপাড়া, গছিডাঙ্গা , ছোট খাটামারী, ধাউরার কুটি, উঃ মংলার কুটি, চৌধুরীটারী, চরসতীপুরি, প্রাক্তন ক্যাম্পের মোড়, মাহিগঞ্জ, বানুর কুটি , চর বলদিয়া , কমলার কুটি , চর ধলডাঙ্গা, উঃ তিলাই ৯ নং ওয়ার্ড, পাইকডাঙ্গা দঃ পাড়া এবং ১নং পাইকেরছড়া। উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান জানান, বর্তমান সরকার বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শর্ত সহজ করে দিয়েছে। যে কেউ বিদ্যালয় প্রতিষ্ঠায় এগিয়ে এলে তাদের সবরকম সহযোগিতা দেয়া হবে। তবে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গ্রামবাসীদের মধ্যে এক হয়ে কাজ করতে হবে। তিনি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরও সহযোগিতা চাওয়া দরকার।