ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে নানা তথ্যে উদ্বেগ বাড়ছে

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রামী নেতা নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্যের বিষয়ে কোন তথ্য সত্য এবং কোনটি মিথ্যা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে দক্ষিণ আফ্রিকাবাসী। প্রিয় নেতার শারীরিক অবস্থা নিয়ে একেক সময় একেক তথ্য আসায় তা নিয়ে সবার মধ্যে উদ্বেগ বাড়ছে। তাছাড়া ম্যান্ডেলার সমাধিস্থল নিয়ে পারিবারিক দ্বন্দ্ব অনেককে ব্যথিতও করছে। অনেকের কাছে এ অবস্থা সহ্য করাও কষ্ট হচ্ছে। খবর দ্য স্টারের। গত বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করা পরিবারে সদস্যদের নথিতে দেখা যায়, ম্যান্ডেলাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। ম্যান্ডেলার সমাধিস্থল নিয়েও পরিবারের মধ্যে ব্যাপক বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে ১৬ জন সদস্য ম্যান্ডেলাকে তার প্রাচীন গ্রাম কুনুতে সমাধিস্থ করার আবেদন জানায়। আর এর বিপক্ষে ম্যান্ডেলার নাতনি ম্যান্ডলা ম্যান্ডেলা। এরপর প্রতিকার প্রতিবেদনে জানা যায়, ডাক্তাররা পরিবারের সদস্যদের ম্যান্ডেলার লাইফ সাপোর্ট খুলে দেয়ার পরামর্শ দিয়েছেন। ওই দিনই এক অনুষ্ঠানে ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাচেল বলেন, ম্যান্ডেলা ভাল আছেন। তিনি মাঝে মাঝে ব্যথা অনুভব করেন। তবে তিনি ভাল আছেন। এরপর রাতে দেশটির সরকারের এক বিবৃতিতে জানায়, মাদিবার শারীরিক অবস্থা সংকটজনক। তবে স্থিতিশীল। তার অবস্থা বোধশক্তিহীন নয়। তাকে যে ডাক্তাররা চিকিত্সা করছেন তারা লাইফ সাপোর্ট খুলে দেয়ার তথ্য কিংবা পরামর্শ পরিবারকে দেননি। বিবিসির সংবাদদাতা এন্ড্রিউ হারডিং তার টুইটারে বলেন, ডেনিস গোল্ডবার্গ তাকে জানিয়েছেন, ম্যান্ডেলার এখনো সংজ্ঞা আছে এবং তার সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিলেন। কিন্তু তার মুখে দেয়া টিউবের কারণে তিনি বলতে পারেনি। গোল্ডবার্গ গত সোমবার হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, ম্যান্ডেলা খুব অসুস্থ। তবে আমি গণমাধ্যমের প্রতিবেদন থেকে যা অনুমান করেছিলাম তার চেয়ে ভাল। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ম্যান্ডেলা গত ২৬ জুন থেকে বোধশক্তিহীন অবস্থায় আছে। তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। ডাক্তাররা তাদের বলেছেন, কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র খুলে দেয়া উচিত। এরপর আদালতে নতুন করে তথ্য উপস্থাপন করা হয়, যাতে আগের অনুচ্ছেদটি বাদ দেয়া হয়। পরে পরিবারের সদস্যদের করা মামলার আইনজীবী ওয়েসলি হেস জানান, আদালতে দেয়া আগের নথি নিছক জরুরি প্রয়োজনে উপস্থাপন করা হয়েছে। ওই নথি প্রমাণস্বরূপ কিছু নয়। ম্যান্ডেলার পারিবারিক দ্বন্দ্বের নিন্দা জানিয়েছে আর্চবিশপ ডেসমন্ড টুটু। তিনি ম্যান্ডেলার সুনাম ক্ষুণ্ন না করার জন্যও পরিবারের প্রতি আহবান জানান।