শিল্পী বিপুল ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন

গতকাল সকালে বিশিষ্ট শিল্পী বিপুল ভট্টাচার্যের মরদেহ বারডেমের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এখানেই শিল্পীকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। সর্বস্তরের মানুষ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পালন করা হয় এক মিনিটের নীরবতা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর শবদেহ নিয়ে যাওয়া পোস্তগোলা শ্মশানঘাটে। এখানেই তাঁর শেষকৃত সম্পন্ন হয়। চিরনিদ্রায় শায়িত হন বিপুল ভট্টাচার্য। লাল-সবুজের জাতীয় পতাকায় আবৃত শবাধার রাখা হয় শহীদ মিনারের বেদির ঠিক সামনের আঙিনায়। এখানে তাকে প্রদান করা হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্টেট অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে পুলিশ সদস্যরা কণ্ঠযোদ্ধা বিপুল ভট্টাচার্যকে সম্মান জানান। এরপর শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদন পর্ব। আর ডান পাশের আরেকটি গাছের নিচে খোলা হয় শোকবই। প্রথমেই রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকারী সামরিক সচিব কর্নেল মো. জাকির হোসেন পিএসসি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান তার বিশেষ সহকারী প্রেস সচিব মাহবুবুল হক শাকিল। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পক্ষে ফুলেল ভালোবাসা জানান কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, ইন্দ্রমোহন রাজবংশী, মনোরঞ্জন ঘোষাল, ফকির আলমগীর, বুলবুল মহলানবীশ, ডালিয়া নওশীন, মলয় কুমার গাঙ্গুলী, রফিকুল আলম, নমিতা ঘোষ প্রমুখ। তারা প্রিয় সহযোদ্ধাকে নিবেদন করে গেয়ে শোনান স্বাধীন বাংলা বেতারের দু’টি গান-পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ও বিজয় নিশান উড়ছে ওই। এসময় সেখানে উপস্থিত ছিলেন শিল্পীর স্ত্রী কুমকুম ভট্টাচার্য, ছেলে পার্থ ভট্টাচার্য ও মেয়ে মল্লিকা ভট্টাচার্য। শ্রদ্ধাঞ্জলি পর্ব সঞ্চালনা করেন জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ ও বাকশিল্পী রফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান। ছায়ানটের পক্ষে শ্রদ্ধা জানান খায়রুল আনাম শাকিল। জোটের পক্ষে ফুলেল ভালোবাসা জানান সংগঠনের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, মো. আহ্্কাম উল্লাহ্, মানজার চৌধুরী সুইট প্রমুখ। এছাড়া ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদন করেন নাট্যজন রামেন্দু মজুমদার, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, কণ্ঠশিল্পী কিরণ চন্দ্র রায়, অভিনেতা শংকর সাঁওজাল, কুদ্দুছ বয়াতি, কণ্ঠশিল্পী এস ডি রুবেল, নৃত্যশিল্পী আমানুল হক, অভিনেতা ও বাকশিল্পী সফি কামাল, গীতিকার কে এম চান, সাবেক ছাত্রনেতা ফজলে রহমান প্রমুখ। আর প্রাতিষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করে উদীচী শিল্পীগোষ্ঠী, মুক্তিযুদ্ধ যাদুঘর, গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ বেতার শিল্পী সংস্থা, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্যজোট, গীতিকার সংসদ, বাংলাদেশ ছাত্রলীগ, কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী, রবীন্দ্রসংগীত শিল্পী পরিষদ, মহিলা পরিষদ, সারগাম ললিতকলা একাডেমী, ঋষিজ শিল্পী গোষ্ঠী, কারক নাট্য সম্প্রদায়, আবৃত্তি সমন্বয় পরিষদ, নৃত্যশিল্পী সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, প্রজন্ম একাত্তর, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, খেলাঘর, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, দেশ টিভিসহ নানা সংগঠন। ২০১০ সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন বিপুল ভট্টাচার্য। দীর্ঘ তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে শুক্রবার সকালে ধানমন্ডির আহমেদ মেডিক্যাল সেন্টারে তিনি মৃত্যুবরণ করেন।