তত্ত্বাবধায়ক পুনর্বহাল দাবি ফের অযৌক্তিক প্রমাণিত হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবি যে অযৌক্তিক গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হয়েছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আর নির্বাচন নিয়ে বিএনপি যে গতানুগতিক অভিযোগ করেছে তার কোন ভিত্তি নেই। তাদের অভিযোগের সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। বিগত নির্বাচনগুলোতেও তারা একই ধরনের অভিযোগ করেছিল। কিন্তু বিজয়ী হওয়ার পর সুর পাল্টে গিয়েছিল। গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। ঢাকায় বসে উত্তাপ না ছড়াতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, অযৌক্তিক তত্ত্বাবধায়ক দাবি প্রতিষ্ঠিত করতেই আপনারা গাজীপুর সিটি নির্বাচনকে বিতর্কিত করার জন্য মিথ্যাচার ও আষাঢ়ে গল্প বলে যাচ্ছে। আওয়ামী লীগের অধীনে প্রায় ৬ হাজারের মতো নির্বাচনের সবগুলো সুষুম হয়েছে। আগামী জাতীয় নির্বাচনও গণতান্ত্রিক সরকারের অধীনেই হবে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই নিয়মে নির্বাচন হবে। তোফায়েল আহমেদ আরো বলেন, এই নির্বাচন কমিশন এম এ আজিজ মার্কা কমিশন নয়। তারা চাইলে নির্বাচনে সেনা মোতায়েন হবে। ‘গাজীপুরে অধিকাংশ পোলিং অফিসার ছাত্রলীগ ও যুবলীগের’ মর্মে বিএনপির অভিযোগের জবাবে তোফায়েল আহমেদ বলেন, আপনারা নিজেরাই এর সত্যতা যাচাই করুন, তারপর কথা বলুন। ছাত্রদল এমনকি ইসলামী ব্যাংকের কর্মকর্তারাও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।