সারাদেশে একই নিয়মে তারাবিহ নামাজ আদায় করুন

পবিত্র মাহে রমজানে খতম তারাবিহ পড়ার সময় দেশের সকল মসজিদে একই নিয়ম অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রথম ছয়দিনে দেড় পারা করে নয় পারা এবং অবশিষ্ট ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাত্ পবিত্র লাইলাতুল ক্বদরের রাতে কোরআন খতম করা সম্ভব। গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র রমজানে দেশের বিভিন্ন মসজিদে খতম তারাবিহর নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট সংখ্যক পারা তিলাওয়াত না করে বিভিন্ন সংখ্যক পারা তিলাওয়াত করা হয়। এর ফলে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা সম্ভব হয় না। এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। রমজানে খতম তারাবিহর সওয়াব থেকে যাতে একজন মুসল্লিও বঞ্চিত না হন সেজন্য সারাদেশের মসজিদে একই নিয়মে খতমে তারাবিহ নামাজ পড়ার জন্য অনুরোধ করা হয়েছে। ইতিপূর্বে বিষয়টি নিয়ে খ্যাতিমান আলেম, পীর মাশায়েখ ও ইমামদের সাথে আলোচনা হলে তারাও এ পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন। আর সে অভিমতের ভিত্তিতে দেশের অধিকাংশ মসজিদে একটি নির্দিষ্ট নিয়মে তারাবিহ নামাজ আদায় করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদে খতম তারাবিহতে প্রথম ছয়দিনে নয় পারা ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল ক্বদরের রাতে কোরআন খতমের জন্য মসজিদের ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।