রাজধানীতে ডিবির সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ যুবক ইয়াসিন (২৭) মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ইয়াসিন নগরীর দুর্ধর্ষ ছিনতাই চক্রের সদস্য। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। একই ঘটনায় গ্রেফতারকৃত ইয়াসিনের ছোটভাই কোরবানকে ডিবি পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। গত সোমবার গভীর রাতে গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকায় ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ইয়াসিন, তার সহযোগী আল-আমিন ওরফে রবিন ও ছোটভাই কোরবান আলী গ্রেফতার হয়। আহত হন পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ। নিহত ইয়াসিনের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর। পিতা সোবাহান বেপারী। থাকত ফতুল্লা এলাকায়।