শাটল ট্রেনে বসা নিয়ে বিরোধ

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মাঝে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার শাটলে ছাত্রলীগ সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক খালেদ গ্রুপের কর্মীদের ‘ককপিট’ বগীতে এ ঘটনা ঘটে। এ সময় চার ছাত্রলীগ কর্মী আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরগামী শাটল ট্রেনের ককপিট বগীতে নয়ন ও মামুনসহ তাদের বন্ধুরা উঠলে সভাপতি মামুন গ্রুপের কয়েকজন কর্মী তাদের চলে যেতে বলে। এ সময় তারা চলে যেতে অস্বীকার করলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এক পর্যায়ে মামুন গ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে অবস্থান নেয় এবং খালেদ গ্রুপের কর্মীরা ১ নং গেট সংলগ্ন রেলক্রস এলাকায় অবস্থান নেয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মামুনুল হক ইত্তেফাককে জানান, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।