ঈদের পর ভিন্ন মাত্রার আন্দোলন

নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদের পর ভিন্নমাত্রার আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং শুধু দলীয় কিছু লোককে সুযোগ দিয়ে সরকার দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পানি-বিদ্যুত্-গ্যাসের সীমাহীন সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ নানামুখী সংকটে দেশের মানুষ চরম কষ্টে দিন পার করছে। গতকাল শনিবার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে এবং আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন পানি-গ্যাস-বিদ্যুত্ সরবরাহের দাবিতে নগর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম।