মির্জাপুরের পাকুল্যা বাজারে রাস্তাঘাটের বেহাল অবস্থা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারের রাস্তাঘাটের বেহাল অবস্থা গত চার দশক ধরে। নানা জটিলতার কারণে এই বাজারের প্রায় শত কোটি টাকার সরকারি সম্পত্তি অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার একটি প্রভাবশালীমহল এই সুযোগে ইজারাদার নিয়োগ দিয়ে এলাকার মানুষকে জিম্মি ও জুলুম নির্যাতন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার পাকুল্যা বাজারে গিয়ে দেখা গেছে, রাস্তাঘাটের খুবই বেহাল অবস্থা। যুগ যুগ ধরে রাস্তার উন্নয়ন না হওয়ায় ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়েছে । পাকুল্যা এলাকার মুনির চৌধুরী এবং মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সাথে পাল্টা পাল্টি মামলা হওয়ায় গত চার দশক ধরে সরকারিভাবে ঐ বাজারে ইজারা হচ্ছে না। ফলে সরকার প্রতি বছর লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং শত কোটি টাকার সরকারি সম্পত্তি অবৈধ দখলে চলে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। পাকুল্যা বাজারে সরকারি সম্পত্তি উদ্ধার এবং বাজারের উন্নয়ন হবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। গতকাল মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস জানায়, পাকুল্যা বাজারের কয়েক একর সম্পত্তির মালিক সরকার। কিন্তু পাল্টা পাল্টি মামলা হওয়ায় ঐ বাজারে সরকারিভাবে কোন ইজারা হচ্ছে না এবং রাস্তাঘাটের কোন উন্নয়ন হচ্ছে না। সরকারিভাবে ইজারা না হলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজেদের ইচ্ছেমত সাধারণ মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা খাজনা আদায় করে নিচ্ছে। একদিকে সরকারি জমি অবৈধ দখলদারদের হাতে চলে যাচ্ছে অপরদিকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে যোগাযোগ করা হলে অফিস সূত্র জানায়, সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের নির্দেশক্রমে হাইকোর্টে মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি হলে পাকুল্যা বাজারে সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।