নরসিংদীতে অপহরণের তিনদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

অপহরণের তিনদিন পর গতকাল শনিবার দুপুরে মেঘনা নদী থেকে প্রদীপ দাস (২২) নামে এক কলেজ ছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রদীপের হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল। নরসিংদী সদর মডেল থানা পুলিশ জানায়, গত বুধবার বিকালে বন্ধু আতাউর রহমান মাসুমের ফোন পেয়ে বাসা থেকে বের হয় প্রদীপ। রাত ৮টার দিকে প্রদীপ বাসায় না ফিরলে তার বাবা অনুকূল দাস গ্রামীণফোনের শোরুমে চাকরিরত মাসুমের কাছে যায়। মাসুমের কাছে প্রদীপের খোঁজ জানতে চাইলে সে জানায়, কিছুক্ষণ আগে প্রদীপ বাসায় চলে গেছে। পরদিন অনুকূল দাস নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওইদিন সন্ধ্যায় অনুকূল দাসের মোবাইলে ফোন করে কে বা কারা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মোবাইল নাম্বারের সূত্র ধরে তার বন্ধু আতাউর রহমান মাসুমের সংশ্লিষ্টতা পেয়ে তাকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করে। প্রদীপ নরসিংদী সরকারি কলেজে বিএ প্রথমবর্ষের শিক্ষার্থী ছিল। পরিবারের আর্থিক অনটনের কারণে তিনি দি ন্যাশনাল মালটিপারপাসে চাকরি করতেন। নরসিংদী সদর মডেল থানার ওসি মোঃ আসাদোজ্জামান জানান, নরসিংদী সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমঘটিত কারণে প্রদীপ খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।